জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফর, বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনার সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ও আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘ সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফরকালে সব মিলিয়ে ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









