নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪৮ পিস ইয়াবাসহ দুইজন, সন্ত্রাসবিরোধী মামলায় একজন, মাদকসেবী হিসেবে সাতজন, পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
মাদক মামলায় গ্রেপ্তার দুজন হলেন- সোনারগাঁয়ের কাশিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মহিউদ্দিন (২৭) ও কলাবাড়ী গ্রামের বন্দরের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফারুক (৪২)।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার স্বপন (৩৯) সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তিনি প্রতাপেরচর এলাকার বাসিন্দা।
এ ছাড়া মাদকসেবী হিসেবে জামাল হোসেন (২৫), মো. মুজবর (৬০), মো. তারেক মিয়া (২৪), মো. ইসমাইল (৩০), সাকিব হাসান (২২), মো. সুমন (২৭) ও মো. আতিক হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. মনির হোসেন (৫০) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরে পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, মাদক, সন্ত্রাস নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









