গোপালগঞ্জে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সদর উপজেলা দল ও কাশিয়ানী উপজেলা দল অংশ নেয়।
খেলায় কাশিয়ানী উপজেলা দল ৩৯-৩৭ পয়েন্টে সদর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী কাশিয়ানী উপজেলা দল ও রানার্সআপ সদর উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘‘কমিউনিটি পুলিশিংয়ের মূল উদ্দেশ্য শুধু অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো নয়; পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করাও এর অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।’’
তিনি বলেন, ‘‘কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এই খেলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি করা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।’’
পুলিশ সুপার আরও বলেন, ‘‘ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন পিবিআইয়ের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া জেলা কমিউনিটি পুলিশের সদস্যসহ সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









