‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তুমিলিয়া ও নাগরী ধর্মপল্লীতে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই তুমিলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালকীয় মিলনায়তন ও নাগরী ধর্মপল্লীর জ্যোতি ভবনে কারিতাস বাংলাদেশের এসডিডিবি প্রকল্প এবং স্থানীয় প্রবীণ সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবীণ ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রকল্পকর্মীসহ দুই শতাধিক মানুষ অংশ নেন।
তুমিলিয়া ইউনিয়ন হিতৈষী ফোরামের সভাপতি মার্ক পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম, তুমিলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা এবং তুমিলিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কুঞ্জন কুইয়া।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে তাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









