এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে পদকের লড়াই থেকে স্বর্ণের আশা শেষ হয়েছে বাংলাদেশের। জাপানের নাগোয়ায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।
ম্যাচ শেষে হারের কারণ হিসেবে টস হারানো, উইকেটের আচরণ সম্পর্কে আগাম ধারণা না থাকা এবং মিডল ওভারে বোলারদের খরুচে বোলিংকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, টানা বৃষ্টির কারণে কয়েক দিন ধরে খেলোয়াড়দের রুমের মধ্যেই থাকতে হয়েছে। উইকেটে অনুশীলন কিংবা অন্য কোনো ম্যাচ দেখার সুযোগও হয়নি। ফলে ইনিংসের প্রথম কয়েক ওভারে পিচ কেমন আচরণ করবে, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। তার মতে, ব্যাটিংয়ে ধীরগতির শুরুর পেছনে এটিও একটি কারণ।
বোলিংয়ের সময় মিডল ওভারে রান বেশি দেওয়ার বিষয়টিও আক্ষেপের সঙ্গে তুলে ধরেন অধিনায়ক। তিনি বলেন, শুরুতে উইকেট নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু মাঝের ওভারগুলোতে বোলাররা বেশ কিছু ছক্কা ও বাউন্ডারি হজম করেন। ওই সময়ে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন তিনি।
ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান দুই ওভারে ৪১ রান দেন। এমন পারফরম্যান্সের পরও তার পাশে দাঁড়িয়েছেন লিটন।
মোস্তাফিজকে নিয়ে অধিনায়ক বলেন, বোলিংয়ে দলের হাতে একাধিক বিকল্প থাকলেও অভিজ্ঞতার বিবেচনায় ওই পরিস্থিতিতে মোস্তাফিজই সেরা বিকল্প ছিলেন। তিনটি উইকেট পেলে হয়তো তাকে নিয়ে এমন প্রশ্ন উঠত না বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ সালে সর্বশেষ হাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এবার পদকের রং বদলে স্বর্ণ জয়ের সুযোগ থাকলেও সেমিফাইনালে হেরে সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন ব্রোঞ্জের জন্য লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পুরুষ ক্রিকেটে এশিয়ান গেমসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১০ সালে স্বর্ণপদক জয়। এরপর দেশের ক্রিকেট অনেক এগিয়ে গেলেও এশিয়াডে সেই সাফল্যের পুনরাবৃত্তি হয়নি। সর্বশেষ আসরেও ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।
এবারও স্বর্ণ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন লিটন। তিনি বলেন, বিষয়টি সত্যিই হতাশার। বাংলাদেশের অবশ্যই সোনা জেতা উচিত এবং দলটি সেই লক্ষ্যেই চেষ্টা করেছে। তবে এবারও তা সম্ভব হয়নি। ভবিষ্যতে অন্য কোনো দল আবার সেই লক্ষ্য পূরণের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









