বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কারকাজ প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগেই বাকি কাজ শেষ করে মাঠ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম এসব তথ্য জানান।
স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে শাহনিয়ান তানিম বলেন, ‘‘স্টেডিয়ামের সংস্কারসহ আনুষঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য কাউকে দোষারোপ করতে চাই না। এখন দ্রুত মাঠ হস্তান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।’’
বরিশালে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। তার মতে, দেশের যেসব স্থানে নতুন স্টেডিয়াম হয়েছে, সেসব ভেন্যু জাতীয় পর্যায়ের ক্রিকেট আয়োজনের সুযোগ পাওয়ার দাবিদার।
তিনি বলেন, ‘‘আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বরিশালে আমরা বাংলাদেশের ক্রিকেট আনতে চাই। সে দিক বিবেচনা করেই আমরা কাজ করছি।’’
স্টেডিয়াম পরিদর্শনের সময় শাহনিয়ান তানিম মাঠ, মাঠসংলগ্ন বিভিন্ন স্থাপনা ও ভবন ঘুরে দেখেন। পাশাপাশি সংস্কারকাজের অগ্রগতি, অবশিষ্ট কাজ এবং মাঠ হস্তান্তরের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
সংস্কারকাজ শেষ হলে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি বড় পরিসরের ম্যাচ আয়োজনের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









