টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনার চরাঞ্চলের গাবসারা মৌজার ১৭টি সিটের বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১৩ গ্রামের ভুক্তভোগী প্রায় ১৫ থেকে ২০ হাজার জমির মালিক।
বৃহস্পতিবার (১ অক্টোম্বর) দুপুরে ভূঞাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা লিখিত বক্তব্যে জানান, ১৯৯৬ সালে এ উপজেলায় বিআরএস জরিপের কাজ শুরু করে ভূমি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গাবসারা ইউনিয়নের চর গাবসারা মৌজায় ১৭টি সিটে নকশার কিস্তার কাজ শেষ করার পর ডিপি খতিয়ান তৈরি করে মাঠ পরচা ভূমি মালিকদের মধ্যে বিতরণ করা হয়। ১৯৯৭ সালে ভূমি মালিকদেরকে মাঠ পরচা দেওয়া হয়।
এর পর ১৯৯৯ সনে অ্যাটেস্টেশনের কাজ শেষ করে। এতে প্রায় ১০ হাজার খতিয়ানের উপর প্রায় ৩ শতাধিক ৩০ ধারা আপত্তি দেওয়া হয়। ২০১১ সাল পর্যন্ত সেসব আপত্তি যথাযথ শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়। পরবর্তীতে সামান্য ৩১ ধারা আপত্তি চলাকালীন সমেয়ে অজ্ঞাত কারণে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াতে ওই মৌজাগুলোতে হাল নাগাদ খাজনা ও খারিজও বন্ধ হয়ে যায়।
ফলে জমি বেচা-কেনা, ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয়ে পরে প্রায় ১৩ গ্রামের মানুষ। ফলে বাধ্য হয়ে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পূর্বের জরিপ বহাল রাখার দাবিতে এলাকার প্রায় ১০ হাজার ভুক্তভোগীরা স্বাক্ষর করে মহাপরিচালক জরিপ অধিদপ্তর বরাবর আবেদন করেন। পরে জরিপ অধিদপ্তর কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য একটি টিম গঠন করেন। কিন্তু তারা পরিদর্শন শেষে এ মৌজাটি নদী প্রবাহিত বলে প্রতিবেদন দেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবি, ভূমি অধিদপ্তরের প্রতিবেদন সম্পন্ন অযৌতিক। কারণ এ মৌজাগুলোর চারদিকে সকল মৌজার জরিপ চূড়ান্ত হয়েছে অনেক আগেই। শুধু মাত্র একটি মৌজাতে নদী হতে পারে না। এগুলো সব কৃষি জমি। এ প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর মৌজাটির জরিপ বাতিল করে নতুন ডিজিটাল জরিপ করার নির্দেশ দেন জরিপ অধিদপ্তর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাআলম শাপলা। বিএনপি নেতা আক্তার হোসেন ফকির, ইউপি সচিব মো. সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৬ সনের জরিপ বহালের দাবিতে গত ২৭ সেপ্টে¤বর গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এবং তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া নামক স্থানে মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









