আন্তর্জাতিক প্রবীণ দিবসে নাটোরের গুরুদাসপুরে শতবর্ষী প্রবীণদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় তিনি ফলমূল, জুস, শুকনো খাবার ও নতুন পোশাক উপহার দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের ১২৩ বছর বয়সী প্রবীণ মো. আব্বাস আলীর বাড়িতে যান ইউএনও।
কাদামাটি পেরিয়ে তার বাড়িতে পৌঁছে আব্বাস আলীর পাশে বসেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার মাথায় হাত বুলিয়ে দেন এবং নিয়মিত তাকে দেখতে আসার কথাও জানান।
ইউএনওর দেওয়া ফলমূল, জুস, শুকনো খাবার, তার পছন্দের বাতাসা ও নতুন লুঙ্গি পেয়ে আব্বাস আলী আনন্দ প্রকাশ করেন।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। পরে তিনি উপজেলার শতবর্ষী ও শতবর্ষের ঊর্ধ্বে প্রবীণদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং উপহারসামগ্রী পৌঁছে দেন। কোনো প্রবীণ অসুস্থ থাকলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ‘‘প্রবীণদের মর্যাদা, অধিকার, স্বাস্থ্য ও কল্যাণের বিষয়ে সচেতনতা তৈরিই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









