টানটান উত্তেজনার ফাইনালে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে মিলনপুর একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে কবাখালী ছাত্র একাদশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় মিলনপুর একাদশ ও কবাখালী ছাত্র একাদশ। কবাখালী স্পোর্টিং ক্লাব ও হাচিনসন পুর স্পোর্টিং ক্লাব যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করে।
নির্ধারিত ৫০ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কবাখালী ছাত্র একাদশের পাঁচ খেলোয়াড়ই গোল করলেও মিলনপুরের একটি শট মিস হয়। এতে ৫-৪ ব্যবধানে জয় পায় কবাখালী।
ফাইনাল দেখতে বিকেল থেকেই মিনি স্টেডিয়ামে দর্শকদের ভিড় জমে। ম্যাচজুড়ে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর ছিল মাঠ।
ফাইনালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









