ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই চলছে। গত ২৪ ঘণ্টার বিভিন্ন স্থানে চালানো সাঁড়াশি অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সামরিক মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান, চলাচল ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ৪৭৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়। দক্ষিণাঞ্চলীয় হারাদ ও উপকূল থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বায়দা, লাহিঞ্জ, সানা এবং সাদা—সব রণাঙ্গনেই এই অভিযানগুলো পরিচালিত হয়, যার মধ্যে বিশেষভাবে জোর দেওয়া হয়েছিল তাইজ রণাঙ্গনের ওপর।
সেনাবাহিনীর দাবি, হতাহত ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধার একটি বড় অংশই তাইজ রণাঙ্গনের। এ ছাড়া অভিযানে হুথিদের ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযানের ফলে তাইজে হুথিদের অগ্রাভিযান পুরোপুরি থমকে গেছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ২০২২ সালের যুদ্ধবিরতির পর থেকে বজায় থাকা তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে গত জুলাই মাস থেকে ইয়েমেনে এই সামরিক সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই মূলত দেশটি গভীর সংঘাতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









