পটুয়াখালীর বাউফলে একটি বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করা হয়।
আটক ইউসুফ খান ওই এলাকার আব্দুল মজিদ খানের ছেলে। তিনি আদাবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। প্রথমে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় গাঁজাগাছ চাষের বিষয়ে আগে থেকেই স্থানীয় কয়েকজন অবগত ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, তথ্য যাচাই করে পুলিশ অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ উদ্ধার করেছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









