চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আক্তার (৩৫) নামে এক দুবাই প্রবাসী ও আদম ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানো এবং রাশিয়ায় এক যুবকের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কলমোগাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল আক্তার উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটা গ্রামের মৃত গোল মোহাম্মদ আলির ছেলে। তিনি পেশায় দুবাই প্রবাসী ছিলেন এবং পাশাপাশি জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি দোকান থেকে একই এলাকার সেনারুল, বশির ও কটাসহ কয়েকজন ব্যক্তি ‘জরুরি কথা আছে’ বলে বাবুল আক্তারকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে তাকে কলমোগাড়া এলাকায় নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে ফেলে রেখে পালিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, নিহত বাবুল আক্তার এলাকার এক যুবককে কাজের জন্য রাশিয়ায় পাঠিয়েছিলেন। পরবর্তীতে সেখানে গিয়ে ওই যুবক যুদ্ধে মারা যান। এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যদিও বিষয়টি একপর্যায়ে স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল, তবুও অন্তরে ক্ষোভ ও বিরোধ রয়ে গিয়েছিল।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সেই পুরোনো বিরোধের জেরে রাশিয়ায় নিহত যুবকের স্বজন বা সহযোগীরা ক্ষুব্ধ হয়ে বাবুলকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করতে পারেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে জোরালো অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









