শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ার অভিযোগে বগুড়ায় জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের হট্টগোল হয়েছে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সভা বর্জন করে বেরিয়ে যান তারা। পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে আবার সভায় যোগ দেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। জেলার ১৩টি উপজেলার পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন উপজেলা পর্যায়ের প্রতিনিধি বক্তব্য দেওয়ার পর জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সময় স্বল্পতার কথা জানান। এরপর রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজেদের সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে সভাপতি পরিমল চন্দ্র দাসসহ কয়েকজন নেতা সভাকক্ষ থেকে বেরিয়ে যান।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতারা দূর-দূরান্ত থেকে সভায় এসেছিলেন। পূজা আয়োজন নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি ছিল। কিন্তু কথা বলার সুযোগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হন। পরে এমপির অনুরোধে সভায় ফিরে যান।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, পূজা কমিটির নেতাদের বক্তব্যের পর আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময় কেন তাদের সময় দেওয়া হয়নি—এ নিয়ে তাঁরা আপত্তি জানান। পরে মনঃক্ষুণ্ন হয়ে সভা থেকে বেরিয়ে গেলেও আবার বৈঠকে যোগ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









