শারদীয় দুর্গোৎসব ঘিরে গাইবান্ধায় শুরু হয়েছে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, প্যান্ডেল, আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ চলছে শেষ পর্যায়ে। এবার জেলার সাত উপজেলায় ৬২৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৪২টি বেশি।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলায় ১০৬টি, গোবিন্দগঞ্জে ১৩৪টি, সুন্দরগঞ্জে ১৩৯টি, সাদুল্লাপুরে ১১৩টি, পলাশবাড়ীতে ৫৯টি, সাঘাটায় ৬৪টি এবং ফুলছড়িতে ১৪টি মণ্ডপে পূজা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ বলেন, এবার ৬২৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ায় মণ্ডপের সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা ও রঙ-তুলির শেষ কাজ। কোথাও থিমনির্ভর, আবার কোথাও সনাতনী সাজে সাজানো হচ্ছে মণ্ডপ।
পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা এবং স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হবে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতিরঞ্জন সরকার বলেন, সম্প্রীতির গাইবান্ধায় সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









