একটি আর্মব্যান্ড হয়ে উঠতে যাচ্ছে একটি যুগের স্মারক। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তার ব্যবহৃত আইকনিক অধিনায়কত্বের আর্মব্যান্ডটি আর কোনো ফুটবলারের হাতে দেখা যাবে না। ইতিহাসের অংশ হিসেবে সেটি সংরক্ষণ করা হবে আর্জেন্টিনার একটি জাদুঘরে।
বেনিনের বিপক্ষে বুধবারের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। মনুমেন্টাল স্টেডিয়ামে বিদায়ী ম্যাচ শেষ হওয়ার পর তার পরা অধিনায়কের আর্মব্যান্ডটি বিশেষ মর্যাদায় সংরক্ষণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এরপর এটি আর মাঠে ব্যবহারের জন্য দেওয়া হবে না।
আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারে এই আর্মব্যান্ড ছিল নেতৃত্বের অন্যতম প্রতীক। কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের মতো ঐতিহাসিক মুহূর্তগুলোতে তার বাহুতেই ছিল এটি। ফলে এবার আর্মব্যান্ডটিও জায়গা করে নিচ্ছে আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের অংশ হিসেবে।
এর আগে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত আর্মব্যান্ডও অবসরের পর সংরক্ষণ করা হয়েছিল। তবে দানিয়েল পাসারেলা, আন্তোনিও রাত্তিন কিংবা হাভিয়ের মাসচেরানোর মতো কিংবদন্তি অধিনায়কদের ব্যবহৃত আর্মব্যান্ডের ক্ষেত্রে মেসির মতো জাতীয় পর্যায়ে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ দেখা যায়নি।
মেসির আর্মব্যান্ড সংরক্ষণের গুরুত্ব তাই আলাদা। এটি শুধু একজন অধিনায়কের ব্যবহৃত সামগ্রী নয়, আর্জেন্টিনার ফুটবলের একটি স্বর্ণালি সময়ের দৃশ্যমান স্মারক। মেসির নেতৃত্বে দলটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে একের পর এক বড় শিরোপা জয়ের যে অধ্যায় রচনা করেছে, সেই সময়ের সাক্ষী হয়ে থাকবে আর্মব্যান্ডটি।
সমর্থকদের কাছেও এটি হয়ে উঠতে পারে মেসিকে ঘিরে থাকা অনন্য এক স্মৃতি। মাঠে তার নেতৃত্বের প্রতীকটি যখন জাদুঘরের কাচের বাক্সে ঠাঁই পাবে, তখন সেটি মনে করিয়ে দেবে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও গৌরবময় পথচলার কথা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









