পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে ১ নম্বর অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন ঘরে প্রবেশ করে তারা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচন পত্র পাঠান। এর ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘‘র্যাবের সহযোগিতায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বর্তমানে আসামি কাউখালী থানায় রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









