জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের অবস্থানের কারণে ওই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা তিন যুবককে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দাও সেখানে উপস্থিত হন।
স্থানীয় বাসিন্দা আজিম হোসেন বলেন, ‘‘সকালে সীমান্তসংলগ্ন মাঠে কাজ করার সময় তিনি তিন যুবককে বিএসএফ সদস্যদের সঙ্গে সীমান্তের কাছে দেখতে পান। পরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিলে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন।’’
বিজিবি ও স্থানীয়রা মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে অবস্থান নেওয়ার পর তিন যুবককে আর বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে তারা ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যান।
এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক হলেও বিষয়টির তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, ‘‘তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিজিবি সেখানে অবস্থান নেওয়ার পর তারা ভারতীয় সীমান্তের ভেতরে ফিরে যায়। বিষয়টি নিয়ে প্রথম দফার পতাকা বৈঠকে সমাধান হয়নি। এ বিষয়ে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









