বাউফল পৌরসভাকে সচল, আধুনিক ও জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) পৌরসভা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ‘‘বাউফল পৌরসভা আপনাদের। এটিকে রক্ষা করা, সুন্দর করা এবং পৌরবাসীর জন্য একটি আধুনিক ও বসবাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলার দায়িত্বও আপনাদের। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর পৌরসভা গড়ে তোলা সম্ভব।’’
তিনি বলেন, ‘‘একটি পৌরসভার উন্নয়ন শুধু রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নাগরিকদের নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই একটি আধুনিক পৌরসভার মূল লক্ষ্য। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর পৌরসভা গড়ে তুলি। পৌরবাসীকে ভালো রাখি, সুস্থ রাখি এবং তাদের কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করি।’’
এ সময় তিনি পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘জনগণের কোনো অভিযোগ যেন অযথা পড়ে না থাকে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পৌরবাসীর অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে জনগণ সর্বোচ্চ সেবা পাওয়ার অধিকার রাখেন। তাই সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।’’
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বাসিন্দা, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









