গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অনুমতি ছাড়া বালু ভরাটের আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বড়িহাটি এলাকায় যমুনা স্পেসটেক জয়েন্ট বেঞ্চার লিমিটেডের পাশের নদীতীরে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় বালু ভরাটের কাজ চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ভরাটের জন্য রাখা আনুমানিক ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু তুমলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।
এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।
অভিযানে তুমলিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, নদী ও নদীর তীরের পরিবেশ রক্ষায় অনুমতি ছাড়া বালু ভরাটসহ আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









