পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুমোদিত লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার বিক্রির অভিযোগে মো. কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্যবসায়ী মো. কামাল হোসেন বেতাগী সানকিপুর ইউনিয়নের মো. কাজেম আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেতাগী বাজারে কীটনাশক ও কৃষি উপকরণ বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে বেতাগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ী কামাল হোসেনের দোকানে অনুমোদিত লাইসেন্স ছাড়া সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে তার দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৬–৮ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী সানকিপুর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









