চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবসা পরিচালনা করে আসছিল 'চঞ্চল গ্যাস হাউজ' ও 'মেসার্স হাসান ট্রেডার্স'। এ অপরাধে ওই দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোল্লা মো. মোতহারুল ইসলাম চঞ্চল ও নাজমুল হাসানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মেসার্স এফএনএফ ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হুমায়ন কবিরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা এবং কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার কঠোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









