দিনাজপুরের পার্বতীপুরে পুরনো ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনের জায়গাতেই নতুন ‘ইউপি পরিষদ ভবন’ নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে ওই ইউনিয়নের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তফাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মন্ডল, ১ নম্বর ওয়ার্ড সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মন্ডল ও হাফেজ আজিজুর রহমান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবন স্থাপিত হওয়ার পর থেকেই সেখানে সব ধরনের সরকারি কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার গুঞ্জন বা খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই এই উদ্যোগ বন্ধ করে পুরনো স্থানেই নতুন ভবন নির্মাণের দাবি জানান তারা। নির্ধারিত স্থানে দ্রুত কাজ শুরু না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “এলাকাবাসীর পক্ষ থেকে পুরনো মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ ভবনের জায়গাতেই নতুন ভবন নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









