লালমনিরহাট সদর হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া ১৫ বছরের কিশোরী শিলুকে পাওয়া গেছে। বর্তমানে সে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশ ও তার পরিবার।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১ টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় সে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে প্রথমে থানায় পরে হাসপাতালে নেয়। সেখানে দুইজন নারী পুলিশ তাকে সার্বক্ষণিক প্রহরায় আছেন।
শিলু রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকান্দা ঘুনটারি গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ ইসলাম বলেন, পরিবারকে খবর দেয়া হয়েছে আজ সমাজসেবার অফিসের মাধ্যমে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা শিলুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে সমাজসেবা বিভাগের মাধ্যমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায় সে। এ ঘটনায় তার নিরাপত্তা ও দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
শিলুর সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে তার স্বজনদের মধ্যে। তবে হাসপাতাল থেকে কীভাবে সে নিখোঁজ হয়েছিল এবং পরবর্তীতে কীভাবে মহেন্দ্রনগর বাজারে পৌঁছাল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









