শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসা সহায়তা এবং শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (১০ অক্টোবর) সিলেটের একটি হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক কারখানায় অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পরিদর্শন জোরদার করতে হবে। নিরাপত্তাবিধি লঙ্ঘন বা লাইসেন্সের ঘাটতি পাওয়া গেলে তা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকের মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৫৫, ১৮৭ ও ১৯০ নম্বর কনভেনশন বাস্তবায়নের উদ্যোগ জোরদার করতে হবে।
এর আগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত সহায়তার চেক বিতরণ করেন মন্ত্রী। তিনি বলেন, রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে চিকিৎসা সহায়তা পেতে পারেন। আর্থিক সংকটে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। যোগ্যতা যাচাই করে শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিআইএফইর মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী। বক্তব্য দেন আইএলও বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন ও সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









