নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়েসহ অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়া বেগম (৪৫) নামে পাঁচ সন্তানের জননী এক নারী বাবুর্চিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সারোয়ার জাহান সাগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
নিহত রাবেয়া বেগম ভোলা সদর উপজেলার চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের রান্নার কাজ করতেন তিনি।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর সকালে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরে লেকপাড়ের একটি ঝোপ থেকে রাবেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে নিহতের কর্মস্থলের নির্মাণাধীন ভবনের শ্রমিক সারোয়ার জাহান সাগরকে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি এ এইচ এম সালাউদ্দিনের ভাষ্য অনুযায়ী, সাগর দীর্ঘদিন ধরে রাবেয়াকে বিয়েসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে রাবেয়া প্রতিবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন সাগর।
পুলিশের দাবি, গত ৪ অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে রাবেয়ার পিছু নেন সাগর। জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১২ নম্বর সেক্টরের একটি নির্জন স্থানে পৌঁছালে তার পথরোধ করেন তিনি। সেখানে রাবেয়াকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লেকপাড়ের ঝোপে মরদেহ ফেলে রাখা হয়। এরপর সাগর আবারও নির্মাণাধীন ভবনে ফিরে গিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘‘সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।’’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









