দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘‘মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফেরাতে এবং আলোকিত লালমনিরহাট গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা স্টেডিয়াম সংস্কার করে কিশোরদের মাঠে ফেরানোর এই উদ্যোগের ফলে যুবকরা এখন আবারও খেলার মাঠে ফিরতে শুরু করেছে।’’
রবিবার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘আমরা চাই কিশোররা খেলাধুলায় যুক্ত থাকুক এবং এখান থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হোক। সুস্থ মানুষ, সুস্থ সমাজ ও দেশ গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।’’
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান।
জেলা প্রশাসক বলেন, ‘‘লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা। এখানকার কিশোর-তরুণরা যেন মাদক বা জুয়ায় আসক্ত না হয়, সে জন্যই পুরো জেলার ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাননীয় মন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে এই ক্রীড়া আয়োজন জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’’
জেলার ৫টি উপজেলার ১৬টি দলের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই আসরের পর্দা ওঠে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









