নাটোরের নলডাঙ্গার শাখাড়িপাড়ায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাখাড়িপাড়ার মো. কামরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২৪), একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মো. রাজু আহমেদ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন তিনি বলেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









