ডিজিটাল যুগে চিঠির আবেগ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব’। এ উৎসবে কুবির এক শিক্ষকের ছেলে অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি এবং বয়স নির্ণয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কুমিল্লা পোস্টাল ডিভিশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এর প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
উৎসবে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজনস্থলে অপ্রতিমের নামে একটি স্টল উৎসর্গ করা হয়। এ ছাড়া বিভিন্ন স্টল, মেডিকেল বুথ, পোস্টার প্রদর্শনী এবং বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
উৎসবে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, চিঠির মাধ্যমে মুখে প্রকাশ করতে না পারা মনের গভীর অনুভূতিগুলো তুলে ধরা যায়। চিঠি উৎসবে এসে শব্দের মাধ্যমে মনের না-বলা কথা প্রকাশের সুযোগ পেয়ে তাঁর ভালো লাগছে।
কুমিল্লা পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ৯ অক্টোবর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে ১১ অক্টোবর এ উৎসবের আয়োজন করা হয়েছে। ডিজিটাল যুগে চিঠি লেখার অভ্যাস ও আবেগঘন যোগাযোগের ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি ডাকসেবার গুরুত্ব ও কার্যক্রম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









