চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ বেশ কয়েকটি দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে শান্তিপূর্ণ গণঅনশন শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলবে অনশন কর্মসূচি।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকনসহ আন্দোলনকারীরা গণঅনশনে অংশ নেন।
‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’, ‘গো ব্যাক গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড’ ইত্যাদি স্লোগান দেন নেতা কর্মীরা।
মো. হুমায়ুন কবীর বলেন, ‘‘গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিনই আমরা বিক্ষোভ মিছিল থেকে সরকারকে দুই দিনের সময় দিয়েছিলাম আলোচনার জন্য। আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা পূর্বঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণ গণঅনশন করছি।’’
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর এনসিটি পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই হয়। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান চুক্তিতে সই করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









