সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি জানান, রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পল্লবী থানা এলাকা থেকে কাজী গুলশান আরা এবং বনানী থানাধীন ডিওএইচএস এলাকা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার দুই কর্মকর্তা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা চালানো, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।
এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজ ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









