চট্টগ্রামে ১৬ বছর আগে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে নগরের এনায়েত বাজার বাটালী রোডের জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে হেলাল উদ্দিনের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন তাঁর স্ত্রী হোসনে আরা বেগম। পরে স্বামীর মৃত্যু হলে ঘরের বাইরে তালা লাগিয়ে আত্মগোপন করেন তিনি।
ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ বাসা থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। তার মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদী হয়ে মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১০ সালের ১৪ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









