সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহে পিরোজপুরে ৪৯২ জন তথ্যসংগ্রাহক ও ৪৯ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে জেলার সাতটি উপজেলার নির্ধারিত ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
প্রাথমিকভাবে পিরোজপুর সদরের টোনা, নাজিরপুরের শেখমাটিয়া, জিয়ানগরের পাড়েরহাট, মঠবাড়িয়ার বড় মাছুয়া, ভান্ডারিয়ার ধাওয়া, কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন এবং নেছারাবাদের স্বরূপকাঠি পৌরসভায় তথ্য সংগ্রহ শুরু হবে। তথ্যসংগ্রাহকেরা প্রতিদিন ১০ থেকে ১৫টি পরিবারের তথ্য সংগ্রহ করবেন। প্রশিক্ষণ শেষে তাঁরা মাঠপর্যায়ে কাজ করবেন এবং সুপারভাইজারেরা কার্যক্রম তদারকি করবেন।
নিয়োগপ্রাপ্ত তথ্যসংগ্রাহকদের মধ্যে পিরোজপুর সদরে ৪৪, কাউখালীতে ২৯, জিয়ানগরে ৩৪, ভান্ডারিয়ায় ৭০, মঠবাড়িয়ায় ১১৭, নেছারাবাদে ৯২, নাজিরপুরে ৭৪ এবং শহর সমাজসেবা কার্যালয়ে ৩২ জন রয়েছেন। সুপারভাইজারদের মধ্যে সদরে চার, কাউখালীতে তিন, জিয়ানগরে তিন, ভান্ডারিয়ায় সাত, মঠবাড়িয়ায় ১২, নেছারাবাদে নয়, নাজিরপুরে আট এবং শহর সমাজসেবা কার্যালয়ে তিনজন রয়েছেন। এ সংখ্যায় নিয়মিত ও রিজার্ভ কর্মী অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মসূচির মাধ্যমে পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার, যোগ্য পরিবার চিহ্নিতকরণ এবং সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে পিরোজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সভাপতি মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









