স্বাবলম্বী পরিবার গঠন ও সামাজিক সুরক্ষা জোরদারে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে বরগুনার বেতাগীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান খান নান্নাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
সভায় বক্তারা নির্ভুল তথ্য সংগ্রহ, প্রকৃত যোগ্য পরিবারপ্রধান শনাক্তকরণ এবং উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন সরকারি নির্দেশনা অনুসরণ করে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
প্রেস কনফারেন্সে জানানো হয়, দেশব্যাপী এ কার্যক্রমে ৬৬ হাজার ৮১৫ জন তথ্যসংগ্রাহক ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত হয়েছেন। তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তথ্যসংগ্রাহকেরা বিশেষায়িত ট্যাবলেট ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করা হবে।
চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ নারীর আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা ও পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









