মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, এসব ছবি, ভিডিও ও সংবেদনশীল তথ্য মুঠোফোনে সংরক্ষণ করা কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বর উল্লেখ করা হয়েছে। নম্বরগুলো হলো—
শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









