নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার অর্জনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ।
সোমবার ( ১২ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়।
প্রেস কনফারেন্সে কুষ্টিয়ায় ফ্যামিলি কার্ড সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম।
প্রেস কনফারেন্সে জানানো হয়, কুষ্টিয়া জেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী থাকবেন ৯১২ জন এবং সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন ৯২ জন। প্রত্যেক ইউনিটে তিনটি করে ইউনিয়ন থাকবে। সমাজের বেশি দরিদ্র মানুষেরাই বেশি প্রাধান্য পাবে। ফ্যামিলি কার্ড ধারী প্রত্যেক ব্যক্তি মাসে ২৫ শত টাকা করে পাবে।
সোমবার দেশব্যাপী একযোগে সকল এলাকার খানা/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার এর তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এই কার্যক্রমে ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬,৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
নিয়োজিত কর্মীদের ১ম পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে ইনপুট করবেন। এটি কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোবাইল সিম কার্ড সংগ্রহ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী আনুমানিক ৪.৪৫ কোটি পরিবারের (প্রতি ৫ জন সদস্য মিলে একটি পরিবার) তথ্য সংগ্রহ ও ডেটাবেজে ইনপুট প্রদান করা হবে। বর্তমান অর্থবছরে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পর্যায়ক্রমে পরবর্তী ৩ অর্থবছরে যোগ্য সকল নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ব্যাংকের এটিএম বুথ হতে ভাতা উত্তোলন করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









