ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড় বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। চলমান অনূর্ধ্ব-১৯ বিনু মাঁকড় ট্রফিতে দিল্লির বিপক্ষে মাত্র ৪১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার অন্বয়।
দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে দিল্লির বোলারদের চাপে ফেলেন তিনি। তার ২০৭.৩২ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৭টি চার।
ক্রিকেটে ধৈর্য ও দৃঢ় রক্ষণাত্মক ব্যাটিংয়ের জন্য রাহুল দ্রাবিড় ‘দ্য ওয়াল’ নামে পরিচিত। তবে তার ছেলে অন্বয় ব্যাট হাতে তুলে ধরছেন ভিন্ন এক মেজাজ। দ্রুত রান তোলার দক্ষতায় ইতোমধ্যে নজর কেড়েছেন তিনি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কর্নাটক নির্ধারিত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৮ রানের বিশাল সংগ্রহ গড়ে। অন্বয়ের ঝোড়ো ইনিংসের পাশাপাশি ওপেনার ধ্রুব কৃষ্ণার ৫১ বলে ১০৩ রানের ইনিংস দলকে বড় পুঁজি এনে দেয়।
জবাবে ৪১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কর্নাটকের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি দিল্লির অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ২২০ রানেই অলআউট হয়ে যায় তারা। ফলে ১৯৮ রানের বড় জয় পায় কর্নাটক।
বিনু মাঁকড় ট্রফিতে অন্বয়ের এটি প্রথম বড় ইনিংস নয়। কয়েক দিন আগেই চণ্ডীগড়ের বিপক্ষে ৬২ বলে ১০৪ রানের দুর্দান্ত শতক করেছিলেন তিনি। ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্সের ফলে ভারতের আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দাবিও জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









