মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং পরবর্তী বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশব্যাপী প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় নিয়ে আসা। ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, সাংবাদিক মো. মছব্বির আলী, আজিজুল ইসলাম, নাজমুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, ময়জুল ইসলাম, কেফায়েত হোসেন সোলেমান প্রমুখ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা বলেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের জন্য ১৪০ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। তন্মধ্যে প্রথম ধাপে উপজেলার ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ডে ৩ জন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে প্রত্যেকটি প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









