দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুব জামায়াতের সাবেক সভাপতি ও ৯ নং ওয়ার্ড এর জামায়াত মনোনীত মেম্বার আহাদ আলী কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) রাতে জীবননগর উপজেলা জামায়াতের আমির মো:সাজেদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী উথলী ইউনিয়ন শাখার ৯ নং ওয়ার্ড এর জামায়াত মনোনীত মেম্বার মো: আহাদ আলী দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। এবং এই ঘোষণা দেওয়া হচ্ছে যে আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। সেই সাথে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী কে তার সাথে দলীয় ব্যাপারে কোন কথা না বলার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এ প্রসঙ্গে উথলী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আরিফুল ইসলাম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উথলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয়ভাবে মাওলানা মহিউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আহাদ আলী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে মো: আহাদ আলী বলেন, আমি একজন ইউপি সদস্য। আমি বিভিন্ন এলাকায় যায় মানুষের সাথে সাক্ষাৎ করতে। প্রায় ৩ মাস আগে আমি সেনেরহুদা গ্রামে সাক্ষাৎ করতে গেলে আমার উপর ঈর্ষান্বিত হয়ে আমার দলীয় লোকজন হামলা করে। কিন্তু দলীয় নেতারা আমার হামলার ব্যাপার এ জানার পরেও আজ পর্যন্ত আমার কেউ খোঁজ নেয়নি। দলের ভাব মূর্তি নষ্ট হবে বলে আমি কোন আইনি পদক্ষেপ না নিয়ে বিষয়টিকে আড়াল রাখার চেষ্টা করেছি। এ হামলার বিষয়ে যখন কোন নেতা বিচার করলো না তখন আমি ক্ষোভে পড়ে সোশ্যাল মিডিয়ায় নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী বলে ঘোষণা করেছি।
বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কোন নোটিশ না দিয়েই আমি শুনছি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয় য়ে আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।
জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান বলেন,জামায়াতে ইসলামী তার আদর্শ, গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড সমুন্নত রাখতে সর্বদা বদ্ধপরিকর। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কোনো কর্মকাণ্ডে কেউ জড়িয়ে পড়লে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে ইউপি সদস্য আহাদ আলী কে দল থেকে বহিস্কার করার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









