“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবিলা ও জরুরি উদ্ধার কার্যক্রমের বিভিন্ন মহড়ায় অংশ নেন। এসব মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশকে দুর্যোগসহনশীল করে তোলার গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









