‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপসহকারী পরিচালক এম.ডি. ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে নিজের ঘর ও পরিবার থেকে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে সচেতন থাকতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং পরিবারের সদস্যদের প্রস্তুত করার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। স্বাভাবিক সময়েই প্রস্তুতি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি।
আলোচনা সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি ও জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে নিরাপদে সরে যাওয়া, আগুন মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে করণীয় দেখানো হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে আন্তর্জাতিক দুর্যোগ দিবস উপলক্ষে পবা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান, নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাবের আলী পালু, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিকুর রহমান রাশেদ ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









