মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী খাসিয়া পুঞ্জিতে আট হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্ট ইউনিয়ন, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা পানগাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আদিবাসী পানচাষিদের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পরে প্রতিবাদী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাংয়ের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী হেলেনা তালাং। বক্তব্য দেন ধরার সিলেটের সদস্যসচিব আব্দুল করিম কিম, ভয়েস অব রিভার মনুর প্রধান নির্বাহী আসম ছালেহ সুহেল, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরামের জেলা শাখার সহসভাপতি নারায়ন কুর্মী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন মুন্ডা, লাউয়াছড়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক লান্ছার তংপের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাসদের জেলা ইনচার্জ উজ্জল রায় এবং ফাদার যোসেফ গমেজসহ স্থানীয় আদিবাসী নেতারা।
ভুক্তভোগীদের দাবি, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা নার্সারী পুঞ্জির পানের জুমে ঢুকে ১০টি খাসিয়া ও গারো পরিবারের আট হাজারের বেশি ফলবান পানগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার পর পুঞ্জির বাসিন্দা খাসিয়া ও গারো পরিবারগুলোর জীবিকা হুমকির মুখে পড়েছে। তাঁদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









