মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তঘেঁষা ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশি প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মশারি ও জাল দিয়ে মাছ সংগ্রহ করতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি অসাধু চক্র রাতের আঁধারে নদীতে বিষ প্রয়োগ করেছে। এতে বাঘমাছ, মিরগা, চিংড়ি, বাইং, গুলশা, মলা, ঢেলা ও পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে। নির্বিচারে মাছ নিধনের ফলে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।
মাছ সংগ্রহ করতে আসা জয়নাল মিয়া বলেন, প্রতিবছরই এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রায়ই এসব মরা মাছ বাড়িতে নিয়ে রান্না করে খান। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাকুর আহমেদ বলেন, বিষক্রিয়ায় মারা যাওয়া মাছ রান্না করলেও বিষের প্রভাব পুরোপুরি নষ্ট হয় না। এসব মাছ খেলে কিডনি ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিষে মারা গেছে বলে সন্দেহ হয়, এমন মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনকে নিন্দনীয় ও গর্হিত অপরাধ বলে মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









