সুনামগঞ্জের শাল্লায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে নিয়োগ বাতিল এবং কার্যক্রম স্থগিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ‘শাল্লা উপজেলার সচেতন জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, ৪ নম্বর শাল্লা ইউনিয়ন বিএনপির সদস্য শফি মিয়া, শাল্লা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাব্বুল হোসেন রাফি ও ছাত্রদল নেতা সবুজ হোসেন বাবু।
বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়া হয়েছে। তাদের দাবি, ৩ নম্বর বাহাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতির স্ত্রীর নামে এবং হবিবপুর ইউনিয়নে ছাত্রলীগের সক্রিয় এক কর্মীকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিয়োগপ্রক্রিয়া স্থগিত ও বাতিলের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বলেন, সার ডিলার নিয়োগ নিয়ে অভিযোগ ওঠার পর সংসদ সদস্য জেলা প্রশাসককে নিয়োগ কার্যক্রম স্থগিত করতে বলেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আধা-সরকারি পত্রও (ডিও লেটার) পাঠানো হয়েছে। সংসদ সদস্য চীন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।
আব্দুল আউয়াল আরও বলেন, মানববন্ধনের বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসানের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তারেক তাঁকে কর্মসূচি হবে না বলে আশ্বস্ত করেছিলেন। তবে মঙ্গলবার কয়েকজনকে নিয়ে মানববন্ধন হতে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









