সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা তাকে খুঁজতে গিয়ে ওই ফার্মেসিতে তার মরদেহের ছয়টি খণ্ড দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









