আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে তাঁকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়।
তবে ক্যাম্পাস ছাড়ার আগে উপাচার্যকে আর চুয়েটে ফিরে না আসার শর্ত দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের নিচে মাইক হাতে এক শিক্ষার্থী ঘোষণা করেন, এই শর্তেই তাকে ক্যাম্পাস ছাড়তে দেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে লক্ষ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।
এর আগে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপাচার্যকে উদ্ধার করতে ক্যাম্পাসে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। জেলা প্রশাসক জানান, উপাচার্য নিরাপত্তা চেয়েছেন এবং চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হবে বলেও জানান তিনি। তবে কোন হাসপাতালে তাকে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্য শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশের পর পরিস্থিতির অবনতি হয়। শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে অবস্থান জোরদার করেন এবং পরে উপাচার্য ভবনের ফটকে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন।
গত ২১ সেপ্টেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর থেকে চুয়েটে অচলাবস্থা চলছে। সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশের প্রতিবাদে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









