রাজশাহীর চারঘাটে এক ভ্যানচালককে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ভ্যান, ছিনতাইয়ে ব্যবহৃত চাকু ও আহত ভ্যানচালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ভ্যানটি চারঘাটের ঘটনায় ছিনতাই হওয়া ভ্যান কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার আলাইপুর গ্রামের হুজুর আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৬), একই গ্রামের মাজদার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৪) এবং কলাবাড়িয়া গ্রামের মহসেন আলীর ছেলে শহীদুল ইসলাম টুটুল (৪৪)।
চারঘাট মডেল থানা পুলিশ জানায়, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর প্রযুক্তিগত সহযোগিতায় চারঘাট মডেল থানা পুলিশের এসআই আ. গনিসহ একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য, গত রবিবার সন্ধ্যায় চারঘাট বাজার থেকে তফেল আলী নামের এক ভ্যানচালকের ভ্যানে যাত্রী সেজে ওঠেন ওই চক্রের সদস্যরা। তারা পরানপুর যাওয়ার পথে শিশাতলা এলাকায় পৌঁছালে ভ্যানচালককে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, একই চক্রের সদস্যরা সোমবার সন্ধ্যায় বাঘা বাজার এলাকা থেকেও আরেকটি ভ্যান ছিনতাই করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্যানসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে জহুরুল ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর বলেন, ‘‘আটক তিনজনকে চারঘাটের ভ্যান ছিনতাইয়ের মামলায় এবং তাদের মধ্যে একজনকে বাঘা থানার ভ্যান ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









