পটুয়াখালীর বাউফল উপজেলায় দুই দিনের সরকারি ও রাজনৈতিক সফরে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি।
বুধবার (১৪ অক্টোবর) থেকে তার এই সফর শুরু হতে যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ১৪ ও ১৫ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) বাউফলে অবস্থানকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তেঁতুলিয়া নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করবেন।
প্রাপ্ত তথ্যমতে, বুধবার সকালে বরিশাল থেকে সড়কপথে বাউফলের উদ্দেশে রওনা হবেন সেলিমা রহমান। তার এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাঁশরী।
সফরের বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার জানান, আমাদের নেত্রী সেলিমা রহমান এমপি দুই দিনের সফরে বাউফলে আসছেন। সফরকালে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি ধুলিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করবেন।
বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেত্রীর আগমনকে কেন্দ্র করে বাউফল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









