নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার তুলসীরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীরামপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে শহিদুল ইসলাম ঘটনাস্থলে নিতহ হন।
সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহিম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ তাদের সহযোগীরা গা ঢাকা দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









