ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকায় ‘প্রিয়া’ সিনেমা হলের মালিক নবী হোসেনের বাসায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসাটির ১২ কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের ৬টি কক্ষের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে স্টেশন রোডস্থ ওই বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত নবী হোসেনের ছেলে মাসুদ করিম জানান, বাসার একটি বাথরুমের ওপর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ঘরটি কাঠের ফ্রেমের সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তাঁদের ৬টি কক্ষের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ জমির দলিলপত্র ও ব্যাংকের চেক বইসহ প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
গৌরীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইন্সপেক্টর) মোহাম্মদ কবীরুল আলম জানান, সকাল ৯টা ৪৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ৯টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার টানা প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বেলা সাড়ে ১১টার দিকে তা পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, ১২ কক্ষবিশিষ্ট সেমিপাকা বাসাটির ৬টি কক্ষ মালামালসহ সম্পূর্ণ পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বাকি ৬টি কক্ষ রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









