জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মো. সাখাওয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজসংলগ্ন একটি চায়ের টংঘরের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সাখাওয়াত হোসেন পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত তাঁর অসুস্থ ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাড়ায় চালানোর জন্য অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় পথচারীরা সকালে উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের টংঘরের পেছনে সাখাওয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াতকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









